জাতীয়

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন বলে যে কথা শোনা যাচ্ছে, তিনি চাইলে কালকেই দেশে আসতে পারেন। তাকে হাতকড়া দিয়ে আইনি প্রক্রিয়ায় রিসিভ করা হবে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। এখন সেই লুটপাটের অর্থ ভোগ করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরে এলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা তো বলি আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব, সঙ্গে দুটি হাতকড়া থাকবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ওপর যে আচরণ করা হয়েছে, তার বিচার দেশের মাটিতেই হবে। শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের প্রতি অনুরোধ করা হয়েছে।

বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটপাটের ঘটনার বিচার সুষ্ঠু প্রক্রিয়ায় করা হবে। এর মাধ্যমে জনগণের অধিকার ও অর্থের বিষয়ে সমাধান করা হবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।