জাতীয়

বাংলা কিউআর ব্যবহারে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর ৪ নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

বাংলা কিউআর ব্যবহারে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর ৪ নির্দেশনা
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআর ব্যবহারে নতুন চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, বাংলা কিউআরের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে অর্থ জমা করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, পেমেন্ট সেবা প্রদানকারী এবং পেমেন্ট ব্যবস্থা পরিচালনাকারীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয়, গ্রাহকবান্ধব এবং বিক্রেতাদের অর্থ গ্রহণে উৎসাহিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১. তাৎক্ষণিক অর্থ জমা

আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা সব অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে স্থানান্তর করতে হবে। এতদিন ছোট বিক্রেতারা তাৎক্ষণিক অর্থ পেলেও বড় বিক্রেতাদের ক্ষেত্রে পরদিন বা তারও পরে অর্থ জমা হওয়ার ঘটনা ছিল। নতুন নিয়মে সব বিক্রেতার হিসাবেই দ্রুত অর্থ জমা হবে।

২. অ্যাপের হোম পেজে বাংলা কিউআর

১ অক্টোবর থেকে সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট সেবা প্রদানকারীর মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান রাখতে হবে। গ্রাহক যেন সহজেই আইকনটি ব্যবহার করতে পারেন, সেভাবেই এটি রাখতে বলা হয়েছে।

৩. ছবি আপলোড করেও পরিশোধ

৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যানের পাশাপাশি মোবাইলের গ্যালারি থেকে বাংলা কিউআরের ছবি আপলোড করেও মূল্য পরিশোধের সুবিধা চালু করতে হবে।

৪. সব হিসাবধারীর জন্য সুবিধা

৩১ অক্টোবরের মধ্যে শুধু কার্ডধারী নয়, ব্যাংকের সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যেন মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে লেনদেন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

বাংলা কিউআরের ব্যবহার সহজ ও দ্রুত করার মাধ্যমে ডিজিটাল লেনদেনে গ্রাহক ও বিক্রেতাদের অংশগ্রহণ আরও বাড়ানোই এসব নির্দেশনার মূল লক্ষ্য।