জাতীয়

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ ছাড়া প্রতিমন্ত্রী পর্যায়ে দুই দেশের মধ্যে দুই প্লাস দুই কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তার তিন বছর নয় মাসের দায়িত্বকালকে অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ইয়াও ওয়েন। তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।

সাক্ষাৎ শেষে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।