জাতীয়
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে এটি ছিল তার প্রথম অংশগ্রহণ।
সফরকালে বিভিন্ন কূটনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
সফরের শেষ দিনেও কর্মব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এদিন নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সবশেষে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে উড়োজাহাজে নিউইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।