জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ও রিয়াদের সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা জানান। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।