জাতীয়

তেল-গ্যাস সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

তেল-গ্যাস সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে দেশে তেল ও জ্বালানি সংকট তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ওই পরিস্থিতিতে জনগণের চাহিদা মেটাতে সরকার উচ্চমূল্যে তেল কিনেছে। পাশাপাশি এলএনজি গ্যাস খালাস ও বিপণনের স্থানে অগ্নিকাণ্ডের কারণেও সাময়িক সংকট তৈরি হয়েছিল। তবে বর্তমানে দেশে তেল-গ্যাসের সংকট নেই বলে দাবি করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেল ও গ্যাসের সংকটের সময় মানুষ আন্দোলন করেছিল। কিন্তু এখন সেই সংকট নেই। তাই তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন কী নিয়ে আন্দোলন করবেন?’

আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পরও তাদের এত সাহস কোথা থেকে আসে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি ও বক্তব্য দেওয়া হচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথাও বলা হচ্ছে। এসব হুমকি-ধমকিতে কোনো কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

টুকু বলেন, ‘আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।’

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সিরাজগঞ্জে জামায়াতের আমির এক আঙুল দেখিয়েছিলেন। তবে এ ধরনের অঙ্গভঙ্গি বা বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, শেখ হাসিনা ‘টুক করে ঢুকে পড়বেন’-এমন কথা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। নিজের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেককে গ্রেপ্তার না করায় কেউ কেউ বাড়িতে অবস্থান করছেন। তবে চ্যালেঞ্জ দিয়ে বা হুমকি দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো মেনে নেওয়া হবে না। আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে যে শাস্তি প্রাপ্য, তা আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনাও সমাবেশে আলোচনায় আনেন টুকু। তিনি বলেন, তিনি সিরাজগঞ্জ শহরে শান্তি চান। শহরে কোনো ধরনের অশান্তি সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না। সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গেও বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী। তিনি বলেন, দুর্গাপূজা আর অল্প কিছুদিন পর শুরু হবে। দেশের বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন এবং সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে পাশে থাকতে হবে।

তিনি বলেন, ইসলাম অন্য ধর্মের প্রতি সম্মান দেখানোর শিক্ষা দেয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করার শিক্ষা দিয়েছেন। তাই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে টুকু বলেন, দেশ একজন ‘সাধারণ মানুষের প্রধানমন্ত্রী’ পেয়েছে। তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন বলে দাবি করেন তিনি। জনগণের ভোটেই সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে জনগণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকা প্রয়োজন।

তিনি বলেন, দেশে গ্যাস ও বিদ্যুতের যে সমস্যা ছিল, তা এখন আর নেই। সংকটের সময় জনগণ ধৈর্য ধরে সরকারের পাশে ছিল উল্লেখ করে টুকু বলেন, জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে চায় সরকার।

তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন বলেও দাবি করেন টুকু। তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে টুকু আরও বলেন, ২০২২ সালে হাজারীবাগের একটি বস্তিতে বিএনপি-জামায়াত প্রসঙ্গ উঠেছিল। তখন তিনি ‘বিএনপি-জামায়াত’ নয়, ‘জামায়াত-আওয়ামী লীগ’ বলেছিলেন বলে উল্লেখ করেন। এ বক্তব্যের কারণে তখন অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন বলেও জানান তিনি। জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বিএনপি অবগত রয়েছে বলেও মন্তব্য করেন টুকু।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।