জাতীয়

আমাদের কোনো প্রতিবেশী প্রভু নেই, আছে কেবল বন্ধু: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

আমাদের কোনো প্রতিবেশী প্রভু নেই, আছে কেবল বন্ধু: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের কোনো প্রতিবেশী প্রভু নেই, আছে কেবল বন্ধু। তিনি অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

রোববার ২৭ সেপ্টেম্বর বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে দেশের পতনের কথা বলছে। অন্যদিকে দিল্লিতে বসে ফ্যাসিবাদের দোসররাও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তার দাবি, দুটি পক্ষ একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদানি বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করত। তবে দেশে বিদ্যুতের ঘাটতি তৈরি করে মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি করতে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, দেশে কয়লার সংকট থাকা সত্ত্বেও এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল। তার ভাষায়, এসব কেন্দ্র ছিল ‘চোরের রেন্টাল’। কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়ে এসব করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

সারের ডিলারশিপ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের ডিলারশিপ দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ ফ্যাসিবাদের এজেন্ট হলেও গণতান্ত্রিক সরকার হিসেবে কাউকে বাদ দেওয়া হয়নি। কারণ সরকারের কোনো রাজনৈতিক বিদ্বেষ নেই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানিকগঞ্জসহ দেশের কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।