জাতীয়

বাংলাদেশের উন্নয়ন ও সহযোগিতায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

বাংলাদেশের উন্নয়ন ও সহযোগিতায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিদায়ী সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানো এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। সংকটটির টেকসই সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও কার্যকর ও বহুমুখী করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় ও গভীর হবে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।