জাতীয়

চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে জোর প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে জোর প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন।

এ সময় ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।