জাতীয়

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বছরের শুরু থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৫ হাজার ৭৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪৩২ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৭০ হাজার ২৫৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নতুন করে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় মশাবাহিত এই রোগ প্রতিরোধে সতর্কতা ও কার্যকর মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের গুরুত্ব আরও বেড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে থাকেন। একই সঙ্গে বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।