জাতীয়

মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই, দুর্গাপুরে ডেপুটি স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই, দুর্গাপুরে ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে একটি সুন্দর ও বৈচিত্র্যময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, তিনি এই অঞ্চলের ‘মালী’ হয়ে কাজ করতে চান, আর দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষই হবে সেই বাগানের ফুল।

সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমির হলরুমে অসচ্ছল ও দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল মানুষের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমি একটি সুন্দর বাগান গড়তে চাই, সেই বাগানের মালী হয়ে কাজ করতে চাই। এই বাগানের ফুল হবে দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ।’ তিনি বলেন, একটি বাগানে যেমন গোলাপ, জবা, গন্ধরাজসহ নানা ধরনের ফুল একসঙ্গে সৌন্দর্য ছড়ায়, তেমনি দুর্গাপুরেও বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। এই বৈচিত্র্যকে সঙ্গে নিয়েই এ অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

ডেপুটি স্পিকার বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে আর অনগ্রসর হিসেবে থাকতে হবে না। শিক্ষা, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে তাদের এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে পাহাড়ি এ অঞ্চলকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতে নির্বাচিত সরকারের অনুপস্থিতির সুযোগে অনেকেই নিজেদের ইচ্ছামতো কর্মকাণ্ড চালিয়েছেন। এখনো কোনো কোনো নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার-নির্যাতনের অভিযোগ রয়েছে। একটি নির্বাচিত সরকারের এসব বিষয়ে দায়িত্ব রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দমনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

কায়সার কামাল বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা কোনো চর্চা বা ব্যবস্থাকে একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে পরিবর্তন আনা হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, এ অঞ্চলে বসবাসকারী প্রত্যেক মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর মানুষ যেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

নিজেদের সরকারের কার্যক্রমের সময়কাল তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মাত্র সাত মাস সময় হয়েছে। এর মধ্যে আমরা কতখানি কাজ করতে পেরেছি, তা আপনারা বিচার করবেন। একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে ছোট ছোট কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো জাতিগোষ্ঠীর সন্তান যেন পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই শিক্ষার্থীদের পড়াশোনাকে অগ্রাধিকার দিয়ে বৃত্তি দেওয়া হচ্ছে। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা হবে।

দুর্গাপুর উপজেলার অসচ্ছল ও দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল মানুষের মধ্যে সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার চেক তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানে হাজং ভাষা চর্চা ও সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়। হাজং ভাষায় প্রাক্-প্রাথমিক ও নৈতিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত ‘মুলা (আমার) হাজং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর ও কলমাকান্দাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় অনুষ্ঠানে তুলে ধরা হয়।