জাতীয়

বাংলাদেশ-জাপান উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকারমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

বাংলাদেশ-জাপান উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকারমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেন মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপান সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাধীনতার পর থেকেই অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে জাপানের সহযোগিতা ও অংশগ্রহণে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নগর ও স্থানীয় পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব ও টেকসই সমাজ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন তারা।

ভবিষ্যতে এসব খাতে জাপানের সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ নিয়ে মতবিনিময় করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও কার্যকর অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব কোমিনে কেন, দ্বিতীয় সচিব সোমা হানা, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।