রাজনীতি

এখনও জীবিত আছেন তোফায়েল আহমেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৭ এএম

এখনও জীবিত আছেন তোফায়েল আহমেদ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তার রক্তচাপ ও নাড়ির গতি হঠাৎ কমে যায় বলে জানা গেছে। তবে তিনি এখনো জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদ মুন্নীর স্বামী, চিকিৎসক ডা. তৌহিদুর রহমান তুহিন।

দীর্ঘদিন ধরে তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। বয়সের ভারে ন্যুব্জ এই প্রবীণ রাজনীতিক গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন। ধীরে ধীরে তার চলাচলের ক্ষমতা ও বাকশক্তি ক্ষীণ হয়ে পড়ে। গত কয়েক মাস ধরে তিনি প্রায় সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে পরিবারের পক্ষ থেকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭০ সালের নির্বাচনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে ভোলা থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।