রাজনীতি
ভোটের সময় নির্ধারণে নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের
ভোটের সময় নির্ধারণ নিয়ে কোনো আপত্তি নেই জামায়াতে ইসলামীর; তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যৌথ বিবৃতির প্রতি স্পষ্ট আপত্তি জানিয়েছে দলটি।
বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপে অংশগ্রহণের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ডা. তাহের বলেন, “প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠককে আমরা স্বাগত জানিয়েছি। এমনকি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি যা বলেছেন, তাতেও আমাদের তেমন আপত্তি নেই। আমাদের পক্ষ থেকে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সুতরাং ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিল—সবই আমাদের প্রস্তাবনার আওতায় ছিল।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, “আপত্তি শুধু এই যৌথ বিবৃতিতে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেশে ফিরলে এবং পরে তারিখ পরিবর্তনের ঘোষণা দিলে সেটা গ্রহণযোগ্য হতো। কিন্তু লন্ডনে বসে শুধু একটি দলের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দেওয়া দৃষ্টিকটু ও বিভ্রান্তিকর।”
উল্লেখ্য, মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের সংলাপ বয়কট করেছিল জামায়াত। তাদের দাবি, ঐ বৈঠকের আগে প্রকাশিত তারেক রহমান ও ড. ইউনূসের যৌথ বিবৃতিতে জামায়াতকে উপেক্ষা করা হয়েছে এবং এই আচরণ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও বিব্রত করেছে।
জামায়াতের নেতারা মনে করছেন, দেশের ১০০টিরও বেশি রাজনৈতিক দলের মধ্যে কেবল একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া হলে তা ‘অনৈতিক রাজনৈতিক সংস্কৃতি’ তৈরি করতে পারে। এ বিষয়ে ডা. তাহের বলেন, “যদি এমন ধারা শুরু হয়, তবে আগামীতে যেকোনো বৈঠকের পরেই জয়েন্ট স্টেটমেন্ট দিতে হবে। এটা গ্রহণযোগ্য নয়।”
বুধবারের আলোচনায় জামায়াত অংশ নিলেও তাদের স্পষ্ট বার্তা—নির্বাচনকালীন সরকার ও সময়সূচি নির্ধারণে সবার মতামত জরুরি এবং একক বা দলীয় আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হলে তা গ্রহণযোগ্য হবে না।