রাজনীতি

জামায়াতের সঙ্গে ইসলামী ব্যাংকের কোনো সম্পর্ক নেই: গোলাম পরওয়ার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

জামায়াতের সঙ্গে ইসলামী ব্যাংকের কোনো সম্পর্ক নেই: গোলাম পরওয়ার
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি জানান, বিএনপি যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছে, সেগুলোর সঙ্গে জামায়াতের কোনো সংযোগ নেই। তিনি এই ধরনের বক্তব্যকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার এসব মন্তব্য করেন।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এইচ এম হামিদুর রহমান, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন, প্রচার সেক্রেটারি এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমিররা উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছি। যেসব আর্থিক বা বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর জামায়াতের সঙ্গে কোনো মালিকানা বা সরাসরি সম্পর্ক নেই। দেশে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব পালন করেন। তাহলে কি সেই সব ব্যাংককেও প্রকাশ করা হবে?”

তিনি আরও যোগ করেন, “গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক ধারা আমরা দুঃখজনকভাবে দেখছি। চাইলে আমরাও অনেক বিএনপি নেতার মালিকানাধীন ব্যাংক, ব্যবসা, হাসপাতালের তালিকা তুলে ধরে পাল্টা বিবৃতি দিতে পারতাম, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেই তা করি নি। বিষয়টি নিয়ে ভালো আলোচনাই যথাযথ, বিতর্ক বা অপপ্রচার নয়।”