রাজনীতি
‘আলোচনার ডাকে বিএনপির সাড়া না দেওয়া আওয়ামী সরকারের মতো আচরণ’
জামায়াতের আলোচনার আহ্বানে সাড়া না দেওয়া আগের আওয়ামী সরকারের মতো আচরণ বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, “জামায়াতের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি, এটা আওয়ামী সরকারের মতোই আচরণ। আশা করি শেষ পর্যন্ত আমরা একসাথে আলোচনায় বসবো। তবে বিএনপি ডাকলে জামায়াত অবশ্যই যাবে।”
জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জামায়াত চাপিয়ে দিচ্ছে না, এটা সরকারের নিজের প্রতিশ্রুতি। জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এক নয়। বাস্তবায়নের ওপর কোনও সাক্ষর হয়নি, আর সরকার সেই উদ্যোগ নেয়ার কারণেই বিরোধ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “একই দিনে গণভোট হলে অনেক সমস্যা হবে। ভোটের দিন প্রভাব বিস্তারের সুযোগ থাকে, ফলে সনদ উপেক্ষিত হতে পারে। অনিয়মে ভোট স্থগিত হলে সেটার প্রভাব পড়বে গণভোটেও। আবার ডাবল ভোট হলে সময় বেশি লাগবে, কাস্টিং কম হবে।”
হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াত কোনও চাপসৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে নয়, বরং জনমতের পক্ষে অবস্থান নিয়েছে— “আমরা প্রেশার গ্রুপ হিসেবে নয়, মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই আন্দোলন করছি।”