রাজনীতি
দুর্নীতিতে আমাদের কোনো অভিজ্ঞতা নেই: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি কিংবা জনগণের সম্পদ আত্মসাৎ করার বিষয়ে তাদের দলের কোনো অভিজ্ঞতা নেই। তিনি দাবি করেন, জামায়াত কখনোই জনগণের সম্পদ লুটপাট বা চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় ঢাকা–১৭ আসনে আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা স্বীকার করি-দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নেই, জনগণের সম্পদ চুরি করারও কোনো অভিজ্ঞতা নেই। দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করা, শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা কিংবা সর্বস্তরে দুর্নীতি বিস্তার-এসবের কোনো অভিজ্ঞতা আমাদের নেই।”
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রমজানের আগে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি ও চিন্তাধারা বিশ্বাস করে তাদেরই বেছে নেবে। জামায়াত নির্বাচনে বিজয়ী হোক আর না হোক, জনগণের রায়কে তারা সম্মান করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “যদি জনগণ আমাদের বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল ও শক্তিকে সঙ্গে নেওয়ার আহ্বান জানাব। দেশ গড়ার কাজে কাউকে বাদ দেওয়া হবে না। আমরা বিভক্ত জাতি দেখতে চাই না-যারা জাতিকে বিভক্ত করে, তারাই জাতির বিরোধী শক্তি।”
দেশপ্রেমের প্রশ্নে জামায়াত নেতার বক্তব্য ছিল আরও দৃঢ়। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালায়নি। আমরা এই মাটিকে বুকে জড়িয়ে রেখেছি। নির্যাতন-জেল-জুলুম সহ্য করেছি, জীবন দিয়েছি-কিন্তু দেশ ত্যাগ করিনি। কারণ আমরা এই দেশকে, এই মাটিকে এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা রাখি।”