রাজনীতি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে আরও দুটি দল। নতুন করে জোটে যোগ দেওয়া দল দুটি হলো- কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই দলের জোটভুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নতুন যুক্ত হওয়া দলগুলোর নাম ঘোষণা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে সমমনা দলগুলোর ঐক্য আরও বিস্তৃত হচ্ছে। এলডিপি ও এনসিপির যোগদানের মাধ্যমে জোটের শক্তি ও পরিসর আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে মোট আটটি দল অন্তর্ভুক্ত ছিল। সেগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

নতুন দুটি দল যুক্ত হওয়ায় এখন জামায়াতের নেতৃত্বাধীন এই জোটের মোট শরিক দলের সংখ্যা দাঁড়াল দশে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচন ও রাজপথের আন্দোলনকে সামনে রেখে এই জোট সম্প্রসারণ বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।