রাজনীতি
দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর রহমান
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, এবং আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করবো।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে ডা. শফিকুর রহমান প্রথমে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের জন্য বিরল এবং তার সংগ্রামী জীবন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষার উদাহরণ। তিনি উল্লেখ করেন, শেষ জীবনটা তিনি জেলখানায় কাটিয়েছেন, এবং তখনকার ক্ষমতাসীনরা তার প্রতি অমানবিক আচরণ করেছে। বিদেশে চিকিৎসার অনুরোধ করা হলেও সরকার তা নাকচ করেছিল। তবে আজ তার জানাজায় মানুষের অভূতপূর্ব উপস্থিতি তার প্রতি জাতির শ্রদ্ধার প্রকাশ।
ডা. শফিকুর বলেন, দেশ এখন গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যাতে সুন্দর, নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে বিএনপি–জামায়াত একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং নির্বাচন পরবর্তী সরকার গঠনের আগে জাতির জন্য যৌথভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রয়েছে।
সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াত আমিরের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।