রাজনীতি
জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির
জ্বালানির দাম বাড়ানোকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান বাস্তবতা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ যে পরিবর্তন ও সুশাসনের আশা করেছিল, তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি মানেই সাধারণ মানুষের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করা। তার ভাষায়, জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে।
এ সময় শিশু ফাহিমা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।
সফরকালে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের এই সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি সিলেটে অবস্থান করছেন।