রাজনীতি

সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, সরকার দেশপ্রেমিক নয়: মির্জা আব্বাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৩১ এএম

সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, সরকার দেশপ্রেমিক নয়: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বাড়ছে এবং সরকার একের পর এক অপকর্ম করে চলেছে। তিনি বলেন, "সরকার কোনো দেশপ্রেমিক সরকার নয়, তারা অন্যের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিভিন্ন মিশন ও পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে পরিচালিত হচ্ছে।"

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করেন, "প্রশাসনে পরিকল্পিতভাবে বিএনপিকে নিধন করে আওয়ামী লীগ ও জামায়াতপন্থী ব্যক্তিদের বসানো হচ্ছে। দেশের ভেতরে অনেক উপদেষ্টা রয়েছেন যারা বাংলাদেশের নাগরিকই নন—তবু তারাই দেশ চালাচ্ছেন। মনে হচ্ছে, বাংলাদেশে নতুন করে ঔপনিবেশিক শাসন শুরু হয়েছে।"

সম্প্রতি আলোচনায় থাকা ‘মানবিক করিডর’ বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, "বিশ্বের কোনো অভিধানে ‘মানবিক করিডর’ বলে কিছু নেই। প্রয়োজনে নাম দিয়ে এসব বানানো হচ্ছে। আমরা কেন সেন্টমার্টিন যেতে পারব না? কার স্বার্থে করিডর তৈরি হচ্ছে? জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না।"

তিনি প্রশ্ন রাখেন, "সাজেক, সেন্টমার্টিন—সবকিছু নিয়ে এনসিপি কিংবা জামায়াত কেন কথা বলছে না? বিএনপি ছাড়া কেউ প্রতিবাদ করছে না।"

‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে নাটকীয় আন্দোলন চলছে’— এমন মন্তব্য করে তিনি বলেন, "এই আন্দোলনের আড়ালে মূলত আওয়ামী লীগ নেতাদের দেশত্যাগের ঘটনা আড়াল করার চেষ্টা চলছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছাড়লেন, অথচ সরকার কিছুই জানে না—এটা কি বিশ্বাসযোগ্য?"

এনসিপির বিক্ষোভ এবং তাদের জন্য ‘ডিএমপির নিষিদ্ধ এলাকায় ছাড়’ দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মির্জা আব্বাস বলেন, "সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এনসিপি একটি অজনপ্রিয় দল হয়েও বিএনপিকে আক্রমণ করে চলেছে। যারা আওয়ামী লীগের পুনর্বাসনের কল্পকাহিনি বিএনপির ঘাড়ে চাপাতে চায়, তারা বিএনপিকে হিংসা করে এবং জনগণের শত্রু।"

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "এই বিএনপি গড়ে উঠেছে নাসির উদ্দিনদের মতো নেতাদের আত্মত্যাগের মাধ্যমে। আজ তাকে যেভাবে স্মরণ করা হচ্ছে, তা প্রমাণ করে—বিএনপি একটি সংগ্রামী দল।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান মিন্টু। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।