রাজনীতি
ঘনবসতি এলাকায় বিমানের প্রশিক্ষণ না চালানোর আহ্বান রিজভীর
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ঘনবসতিপূর্ণ বা জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ ও মহড়া না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, “এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে এড়াতে হলে অবশ্যই জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ বন্ধ করতে হবে।” একইসঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
ঘটনাস্থলে রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই তা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে শিক্ষার্থীদের ক্লাস চলাকালেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আহত হয়েছেন অন্তত ২০০ জন, যাদের অনেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।