রাজনীতি

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বিএনপির কমিটমেন্ট আছে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বিএনপির কমিটমেন্ট আছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে অনেক আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অঙ্গীকার ছিল।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের প্রায় আট কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। ফরাক্কা ব্যারেজের বিরূপ প্রভাব এখন শুধু ফরিদপুর বা রাজবাড়ি নয়, বরং পুরো দক্ষিণাঞ্চলজুড়ে সমস্যা সৃষ্টি করেছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’র আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাঙালি জাতি ইতিহাসে বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা ’৬৯-এর গণঅভ্যুত্থান— সবকিছুই প্রমাণ করে, এই জাতি ঐক্যবদ্ধভাবে অনেক কিছু অর্জন করতে পারে। তাই বর্তমান সময়েও যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের পথ সুগম হবে।

তিনি বলেন, জনগণ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়, যেখানে সত্যিকারের জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান খোঁজা সম্ভব।

পদ্মা ব্যারেজ প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত সাতবার সম্ভাব্যতা যাচাই হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। দক্ষিণাঞ্চলের বহু অংশ নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে, মানুষের বসবাসের উপযোগিতা হারাচ্ছে। এই বাস্তবতা সরকার ও জনগণের দৃষ্টিগোচরে আনা প্রয়োজন।

বিএনপির মহাসচিব বলেন, সরকার যেই হোক, জনগণকে বলতে হবে— ‘আমরা এই উন্নয়ন চাই’। কারণ এটি শুধু অবকাঠামোগত প্রকল্প নয়, এটি মানুষের নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্ন।

শেষে তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায়ের আহ্বান জানিয়ে বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়নে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন, কারণ এটি জাতীয় স্বার্থের একটি গুরুত্বপূর্ণ বিষয়।”