রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না: সালাহউদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না: সালাহউদ্দিন আহমদ
ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ইসলাম, কোরআন ও সুন্নাহ’র বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই—বিএনপি ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহ’র পরিপন্থী কোনো শরিয়তবিরোধী আইন পাস হবে না। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কিছুই হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে মাদরাসা শিক্ষার প্রসার ও সম্প্রসারণ হোক—এটাই আমাদের কাম্য। তবে আমরা চাই না, মাদরাসাগুলো একটি নির্দিষ্ট দলীয় রাজনীতির অংশে পরিণত হোক।”

বিএনপির এই শীর্ষ নেতা জানান, দলটি ইতোমধ্যেই দেশের বিভিন্ন ইসলামপন্থি, রাজনৈতিক ও অরাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে সাক্ষাৎ করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনার পীর সাহেবের সঙ্গে দেখা করেছি এবং আলিয়া ধারার সকল মুরব্বি ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের সব ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে একত্রিত করে, বিভক্তি নয় বরং সমন্বয় ও ঐক্যের মাধ্যমে দেশ পরিচালনা করা।”

এ বৈঠকে দুই পক্ষই দেশের চলমান রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সমঝোতা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।