রাজনীতি
নির্বাচন বিলম্বিত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে: ডা. জাহিদ
জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন অজুহাতে, বিশেষ করে পিআর (প্রতিনিধিত্বের আনুপাতিক) পদ্ধতির মতো বিষয় তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, যা গণতান্ত্রিক ধারার জন্য হুমকি।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদ ও বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ অভিযোগ করে বলেন, “যারা আজ সংস্কারের কথা বলছে, তারাই এক সময় স্বৈরাচারকে পুনর্বাসন করেছিল। বিএনপিই ছিল দেশে গণতান্ত্রিক সংস্কারের সূচনা করা রাজনৈতিক শক্তি।”
আলোচনা সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “সংস্কার-সংস্কার করে ১২ মাস পার করে দিলেন। আর কত সময় লাগবে? জনগণের নেতা নির্বাচনের একমাত্র পথ দ্রুত নির্বাচন, কোনো অজুহাত নয়।”
সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল লতিফ মাসুম এবং সঞ্চালনা করেন সাপ্তাহিক জয়যাত্রার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুব হোসেন, চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. উম্মুত তিজান মাখদুমা এবং বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের মহাসচিব গাজী মোশাররফ হোসেন প্রমুখ।