রাজনীতি
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যথাযথ সময়ে এই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যা আমরা ইতিবাচকভাবেই দেখছি। সরকারের দিক থেকেও নির্বাচন আয়োজনের এমন ইঙ্গিত ছিল। এখন আশা করছি, রোডম্যাপ অনুযায়ী একটি জাতীয় নির্বাচন আয়োজিত হবে।"
এর আগে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনাসহ রোডম্যাপ ঘোষণা করে। এতে বলা হয়, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সেপ্টেম্বর মাসেই রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।
নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ভোটগ্রহণের ৬০ দিন আগে। রোডম্যাপ ঘোষণাকালে ইসি সচিব আখতার হোসেন জানান, কমিশন এখন নির্বাচন ব্যবস্থাপনাকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সময়োপযোগী করতে প্রস্তুত।