রাজনীতি
বিএনপির প্রার্থী তালিকায় নেই রুহুল কবির রিজভী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে ঢাকা-৯ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।
এছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের সানজিদা তুলি।
এদিকে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।