রাজনীতি

সংবিধানে গণভোটের বিধান নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

সংবিধানে গণভোটের বিধান নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আওতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা সীমিত। এই কাঠামোর মধ্যে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে সংবিধান সংশোধন করে গণভোটের বিধান যোগ করা যেতে পারে, তবে এখনই তা সম্ভব নয়।”

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “কথায় কথায় দাবি তুলে রাস্তায় নামলে সংঘর্ষ বাধবে, এটা কেউই চাই না। এক পক্ষ কর্মসূচি দিলে অন্য পক্ষও প্রতিক্রিয়া দেখাবে, এতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “আমাদের রাজনীতিতে এখনো স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। ঐক্যমতের বাইরে যাওয়া সম্ভব নয়। অনেক বিষয়েই এখনো পূর্ণ সমঝোতা হয়নি, কিন্তু তাই বলে রাস্তায় নামা সমাধান নয়- জনগণের কাছে যেতে হবে।”

চট্টগ্রামে সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি দলের ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তবে যারা নির্বাচন পেছাতে চায়, তারা এই ঘটনার সুযোগ নিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।”

অর্থনীতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, “বিএনপি সরকারের সময়ে শেয়ারবাজারে কখনো ধস নামেনি, অর্থনীতি ছিলো স্থিতিশীল। আমরা জনগণকে ক্ষমতায়নেই বিশ্বাস করি, দলের নয়। ভবিষ্যতে এমন ব্যবস্থা করা হবে যাতে নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স পেতে পারেন।”

তিনি আরও যোগ করেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের অধিকার হবে, কোনো দয়ার দান নয়।”