রাজনীতি
বহিষ্কার হওয়া আরও ৫৫ নেতাকে দলে ফেরাল বিএনপি
বিভিন্ন পর্যায়ের মোট ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলীয় সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানায় দলটির হাইকমান্ড।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছিল-তাদের আবেদন ও আত্মপক্ষ সমর্থনের আলোকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তারা দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদে পুনর্বহাল হয়েছেন।
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, বরগুনার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক দুলাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. শাফী খান, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান বাচ্চুসহ বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও মহানগর ইউনিটের মোট ৫৫ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতা।
এছাড়া ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী মহানগর, নাটোর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার, রাঙ্গামাটি, গাজীপুর, ভোলা ও পটুয়াখালীর বেশ কয়েকটি ইউনিটের শীর্ষস্থানীয় এবং গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও পুনর্বহাল হয়েছেন।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাদার বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ পূর্বের অবস্থানে ফিরতে পারবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আত্মসমালোচনা ও অনুশোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল আশা করছে, পুনর্বহাল হওয়া নেতারা ভবিষ্যতে দলের নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।