রাজনীতি

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ৭ ডিসেম্বর জাকির খানের মা আছিয়া বেগম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার প্রকাশ্যে আসে।

জিডিতে উল্লেখ করা হয়, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে বিভিন্ন সময় প্রতিহিংসার শিকার হয়ে জাকির খানকে মিথ্যা মামলায় জড়ানো হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। বর্তমানে তিনি ওইসব মামলা থেকে খালাস পেয়ে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত কোনো কুচক্রী মহল জাকির খানের জানমালের ক্ষতি করতে পারে—এমন আশঙ্কা থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে জিডিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করেন এবং পরে গোপনে দেশে ফেরেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। পরবর্তীতে চলতি বছরের ১৩ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জাকির খান ও তার মায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

জিডির বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে রয়েছেন। ভবিষ্যতে তার ক্ষতির আশঙ্কা রয়েছে—এমন উদ্বেগ থেকেই তার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন।