রাজনীতি

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ এএম

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের দিকে এক বিশ্বস্ত কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তারেক রহমান ট্রাভেল পাসের ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন।

সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় নিজেই জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শুক্রবার এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে আসবেন। বিমানটি ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিটে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, তারেক রহমান মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে।