রাজনীতি

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।”

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীটির আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।

রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ই বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদী সরকারের আমলে সেই বিতর্কিত প্রকল্প বাংলাদেশে রামপালে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে দিয়ে এ ধরনের দেশবিরোধী প্রকল্প করানো সম্ভব ছিল না বলেই তাঁকে কারাবন্দি করা হয়। একই সঙ্গে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বাংলাদেশে এখনও বিপুল পরিমাণ কয়লা ও গ্যাসের মজুদ রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ দখল করতে আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমন, করতোয়া সম্পাদক মো. হেলালুজ্জামান লালুসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে প্রয়াত বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায়ের প্রায় ১০০টি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি পার্কের মুক্তমঞ্চে তার জীবনভিত্তিক বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন রাখা হয়েছে।