রাজনীতি
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ভোট প্রচারণায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং স্ত্রী জুবাইদা রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভোট প্রচারণার অংশ হিসেবে সিলেটে এসে তিনি প্রথমে হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।
ঢাকার গুলশানের বাসা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিমানবন্দরে জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান ও কয়েকশ নেতাকর্মী তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সরাসরি হয়রত শাহজালাল মাজারে যাওয়ার কথা রয়েছে। এরপর খাদিমনগরের হয়রত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন। রাতে ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ অবস্থান করবেন।