রাজনীতি
বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা গুরুত্ব পাবে: তারেক রহমান
শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান একথা বলেন।
তারেক রহমান বলেন, ‘পড়ালেখা সহজ করতে হবে। যাতে বাচ্চারা আগ্রহী হয়। শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষায় যুক্ত করব। খেলাধুলাতেও পাশ করতে হবে। আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে।’
তিনি আরও বলেন, অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন তরুণরা। তাদেরকে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখতে পারি।
‘মব’ নিয়ে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে।
সরকারের অনেক প্রজেক্ট চালু আছে। কিন্তু সংগঠিত না উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই।