রাজনীতি
গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রতিবাদ জানানোর ভাষা অবশ্যই শালীন ও গণতান্ত্রিক হতে হবে, কিন্তু এর নামে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের উত্তরণের অপেক্ষায় রয়েছে। এই প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে উত্তেজনা ছড়াতে মিছিল-মিটিং করছে। তাদের উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।
বিএনপির পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ বিএনপির ঘোষিত পরিকল্পনাকে অবাস্তব বলে সমালোচনা করছেন। অথচ বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং দলটি জানে কীভাবে জনগণের কল্যাণে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। এ কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন।
জামায়াতের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলের নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধি হয়ে যায় না। এ ধরনের ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ অন্যান্য নেতারা।