রাজনীতি

নির্বাচন পরিবেশ নিয়ে উদ্বেগ বিএনপি নেতা নজরুল ইসলামের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

নির্বাচন পরিবেশ নিয়ে উদ্বেগ বিএনপি নেতা নজরুল ইসলামের
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) একটি গুরুতর উদ্বেগের বিষয়।

অনেক এলাকায় বাস্তবতার সঙ্গে মিল নেই-যে বাড়িতে সাধারণত ৪–৫ জন থাকার কথা, সেখানে ২০–৩০ জন ভোটার দেখানো হয়েছে। এমনকি কোথাও কোথাও হোল্ডিং নম্বর ছাড়াই ভোটার নিবন্ধনের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়া ব্যাখ্যায় বিএনপি সন্তুষ্ট নয় বলে তিনি জানান।

রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান। বৈঠকে তার নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনে স্পষ্টভাবে উল্লেখিত বাহিনীগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আজ বিএনসিসি (BNCC) আনা হচ্ছে, কাল হয়তো স্কাউট আনা হবে—এভাবে অতিরিক্ত বাহিনী যুক্ত করা নির্বাচনের পরিবেশের জন্য শুভ নয় এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় অবস্থান করছেন। আইনে সরাসরি বাধা না থাকলেও নির্বাচন শুরুর অন্তত দুই দিন আগে বহিরাগতদের সংশ্লিষ্ট এলাকা ত্যাগ নিশ্চিত করা প্রয়োজন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি না হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার ভাষ্য, ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হয়েছে—এ সিদ্ধান্ত কতটা যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। যাদের প্রকৃত সক্ষমতা ও নিরপেক্ষতা আছে, কেবল তাদেরই পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেওয়া উচিত। একই সঙ্গে একটি কেন্দ্রে একসঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক প্রবেশ করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে দিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে তথাকথিত ‘শান্তি কমিটি’ গঠন করা হচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করার আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের কাছে কোনো তথ্য নেই বলে বিএনপি প্রতিনিধি দলকে জানিয়েছে।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিএনপির উত্থাপিত অভিযোগ ও আশঙ্কাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।