রাজনীতি
'ব্যালট বিপ্লবেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব' কেরানীগঞ্জে আমানউল্লাহ আমান
ঢাকা–২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ব্যালট বিপ্লবের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র কার্যকর পথ। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন আসবে ব্যালটের মাধ্যমেই।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাঁও বটতলি গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। তারা এমন একটি নির্বাচন চায়, যেখানে স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। বিএনপি জনগণের এই ন্যায্য আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি কেবল ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণের সমর্থন ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। এই শক্তির ওপর ভর করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেবে।
বিএনপি প্রার্থী বলেন, কোনো সংঘাত বা সহিংসতার পথে না গিয়ে ভোটের মাধ্যমেই জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণের রায়েই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শুনতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায় করতে পারলেই বিজয় নিশ্চিত হবে।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।