রাজনীতি

একাত্তরের পরাজিত শক্তি ও ১৭ বছরের ফ্যাসিবাদীরা একজোট হয়ে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

একাত্তরের পরাজিত শক্তি ও ১৭ বছরের ফ্যাসিবাদীরা একজোট হয়ে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

একাত্তরের পরাজিত শক্তি এবং গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শাসকগোষ্ঠী এক হয়ে বাংলাদেশের জনগণ, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘একটা কথা পরিষ্কার বলতে চাই, একাত্তরের পরাজিতরা এবং গত ১৭ বছরের স্বৈরাচারী পরাজিত ফ্যাসিবাদীরা আজ এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা পৌর সদরের শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, পরাজিত শক্তি গত ১৭ বছর ধরে বাংলাদেশকে শোষণ ও শাসন করেছে। এ সময়ে দেশের মানুষকে অত্যাচার-নির্যাতন করা হয়েছে। এখনো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ও তাঁদের ন্যায্য দাবির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমিক ভাই-বোনেরা সব সময় তাঁদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণ এবং তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কাজ করছে। তবে বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তা শ্রমিকদের ন্যায্য আন্দোলনের পরিবর্তে সহিংসতা ও সন্ত্রাসী হামলার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের যেকোনো মূল্যে প্রতিহত করার কথাও বলেন শামা ওবায়েদ।

বিদেশে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং অতীতের সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু বিদেশে বসে হুংকার ছাড়লেই হবে না। গত ১৭ বছরে দুর্নীতি, হত্যাকাণ্ড, গুম ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এখন বিদেশের মাটিতে বসে নতুন করে মানবাধিকারের কথা বলা হচ্ছে। বিদেশে অবস্থান করে বাস ও ট্রাকে আগুন দিয়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করার চেষ্টা কোনোভাবেই দেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দিনটি বাংলাদেশের জনগণ, দেশের ইতিহাস এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, ৭ নভেম্বরের ঘটনাকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশা পেয়েছিল। সে সময় পরাজিত শক্তি দেশকে বিপথে পরিচালিত করা এবং অন্য দেশের কাছে বিক্রি করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষা রক্ষা পেয়েছিল।

সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ৭ নভেম্বরের চেতনা ধারণ করার আহ্বান জানান। শামা ওবায়েদ বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর রহমান টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শরীফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।