রাজনীতি
জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা: স্বাস্থ্যমন্ত্রী
১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির এক সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বাংলাদেশকে উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকে।
শনিবার নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল ও দুস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা ও ঢেউটিন এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি; মহান মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ তৈরি হয়।
অনুষ্ঠানে মানবিক সহায়তার অংশ হিসেবে ৯০ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া ৫৬ জন উপকারভোগীর প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। পাশাপাশি গৃহনির্মাণের জন্য প্রত্যেককে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ ছাড়া কর্মজীবী নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২০০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। এসব সহায়তার মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর জীবনযাত্রার মানোন্নয়ন এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বেলাব উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।