রাজনীতি
শেখ হাসিনার দেশে আসাটা অত্যন্ত জরুরী: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা অত্যন্ত জরুরি। তার মতে, দেশে শেখ হাসিনার একটি শক্ত রাজনৈতিক অবস্থান রয়েছে এবং তার পরিবারের দেশের জন্য অবদানও রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা দলের অস্তিত্বের সঙ্গেও জড়িত।
জিএম কাদের আরও বলেন, শেখ হাসিনা একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং তিনি নিশ্চয়ই দেশে ফেরার বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর দর্শনা পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, জুলাইয়ের গণআন্দোলন সফল বা ব্যর্থ নয়, বরং এটি অসমাপ্ত রয়ে গেছে। তিনি উল্লেখ করেন, বৈষম্যহীন সমাজ ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার দাবিতে মানুষ আন্দোলন করেছিল, কিন্তু সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। তার মতে, এই অসমাপ্ত আন্দোলন সম্পন্ন করতে জনগণ আবারও রাজপথে নামতে পারে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নেই। এমনকি পুলিশও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন—যা দেশের জন্য উদ্বেগজনক।
তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এলেও জামায়াত-শিবিরের সঙ্গে সমঝোতা বজায় রেখেছে এবং বাইরে ভিন্ন বক্তব্য দিলেও ভেতরে তাদের সম্পর্ক অটুট রয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে তারা প্রতিপক্ষ হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে দেশে অত্যাচার-অনাচার কমেনি বলেও দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, এখনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে, হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে।
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের পদচ্যুত করা তাদের সবচেয়ে বড় অন্যায়গুলোর একটি। তার অভিযোগ, আইন পরিবর্তন করে নিজেদের লোকজনকে বিভিন্ন পদে বসানোর চেষ্টা চলছে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ দলের অন্যান্য নেতারা। পরে হুসেইন মুহম্মদ এরশাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।