রাজনীতি
চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতা নিজাম সাময়িক বহিষ্কার
পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে নিজাম উদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেছে, যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কার আদেশটি মঙ্গলবার থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে সোমবার (১১ আগস্ট) নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের স্বাক্ষরে নিজাম উদ্দিনকে শোকজ নোটিশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ১০ আগস্ট দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তাকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধে এক ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাওয়ার কথোপকথনে লিপ্ত দেখা যায়।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অভিযোগপত্র দিয়ে জানান, দুই কোটি টাকা না দেওয়ায় নিজাম উদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। ওই অভিযোগে পদ স্থগিত হলেও পরে পুনর্বহাল করা হয়।