রাজনীতি
একযোগে আরও ১২ এনসিপি নেতার পদত্যাগ
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এই পদত্যাগের ঘোষণা দেন সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন।
পদত্যাগকারীদের মধ্যে সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান রয়েছেন।
সংবাদ সম্মেলনে আলী হোসেন বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় যে অঙ্গীকার নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এনসিপি গঠন করেছিলাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণে আমরা আমাদের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বপ্নের প্রতি আনুগত্য রেখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, ‘আমার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন ও দলের বর্তমান রাজনৈতিক দর্শনের মধ্যে যেটি মিলছে না, তার প্রেক্ষিতে আমি সদর উপজেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিচ্ছি।’