রাজনীতি
বুকে ধানের শীষ নিয়ে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে বুকে ধানের শীষ প্রতীক ধারণ করে গেলেও ভোট দিতে হবে দাঁড়িপাল্লা প্রতীকে। তিনি যশোরে দাঁড়িপাল্লার পক্ষে ‘ব্যালট বিপ্লবের’ আহ্বান জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই নির্বাচন জাতিকে স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত করেছে। একপক্ষ ভারতীয় গোলামির পক্ষে অবস্থান নিয়েছে এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আরেক পক্ষ জুলুম, অন্যায় ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে লড়ছে। আমরা আর কোনো গোলামির শৃঙ্খলে আবদ্ধ থাকতে চাই না।”
ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “পুলিশ কোনো রাজনৈতিক দলের গোলাম নয়, পুলিশ দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছর যারা একটি দলের গোলামি করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি আপনারা দেখেছেন।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারিত হবে এই ভোটের মাধ্যমে। একটি ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালাচ্ছে। তাই ১২ তারিখ সকাল ৭টার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্র পাহারা দিতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না।”
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ারসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।