রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে সাময়িক অব্যাহতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে সাময়িক অব্যাহতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় পর্যায়ের দুই নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও আসাদুল ইসলাম মুকুল-কে সব ধরনের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাদের দুজনের বিরুদ্ধেই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টি-এর দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে আহমেদুর রহমান তনু ও আসাদুল ইসলাম মুকুলকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির সময়কালে তারা দলের কোনো কার্যক্রম বা দায়িত্ব পালন করতে পারবেন না।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা কমিটির কাছে ব্যাখ্যা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় এনসিপির সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা বজায় রাখতে দল কঠোর অবস্থান নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।