রাজনীতি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে : সারজিস আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে : সারজিস আলম
ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, অপরাধ দমনে সরকারের কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির অবনতি ঘটছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত এক কর্মী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, দেশে হত্যা, ধর্ষণসহ নানা অপরাধ বেড়েছে, কিন্তু এসব ঘটনায় দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন ব্যাহত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি “জুলাই সনদ” প্রসঙ্গ তুলে বলেন, এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়, বরং দেশের জনগণের সম্মিলিত প্রত্যাশার প্রতিফলন। তার দাবি, গণভোটে উল্লেখযোগ্য অংশ এই সনদের পক্ষে মত দিয়েছে, যা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

সরকারের বিভিন্ন পদে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, এতে করে স্থানীয় সরকার ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার অভিযোগ, এসব পদে দলীয় বিবেচনায় লোক বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছেই থাকা উচিত এবং সংবিধানও সেই কথাই বলে। যদি জনগণের মতামত উপেক্ষা করা হয়, তবে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সারজিস আলম হুঁশিয়ার করে বলেন, দেশে কোনো ধরনের স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে। এজন্য প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।