রাজনীতি

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের বক্তব্য ও কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সেখানে তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে কারও মনে আঘাত লেগে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শকে নিজের পথচলার শক্তি হিসেবে দেখেন।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক সহকর্মী, মন্ত্রী-এমপি এবং ঘনিষ্ঠদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। তাদের কাছ থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ পরিহার, অপ্রয়োজনীয় মন্তব্য এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগী হওয়ার পরামর্শ পেয়েছেন।

এই পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, এখন থেকে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চান। পাশাপাশি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার ইচ্ছার কথাও তুলে ধরেন।

এ ছাড়া তিনি জানান, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইল আদায়ের মধ্য দিয়ে তিনি আত্মিক পরিবর্তনের এক নতুন যাত্রা শুরু করেছেন।

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথনির্দেশনা কামনা করেন।

Screenshot_6.jpg