রাজনীতি

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানকে পৃথক করে দেখার সুযোগ নেই: আখতার হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৫ পিএম

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানকে পৃথক করে দেখার সুযোগ নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমানজনকভাবে উপস্থাপন করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য ২০ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে গিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানকে পৃথক করে দেখার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই জাদুঘর দ্রুত চালুর দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। পাশাপাশি দ্রুত জাদুঘর চালু না হলে গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরের শেষে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। তাঁর ভাষ্য, সব মিলিয়ে বড় ধরনের ঘাটতির বাজেট পাস হয়েছে। আগামী এক বছর এ বাজেটের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হবে।

এ সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে কোনো ধরনের বৈষম্য না রাখার প্রস্তাবও দিয়েছেন বলে জানান আখতার হোসেন।