রাজনীতি

নামকাওয়াস্তে 'জুলাই' পালন করলে হবে না: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

নামকাওয়াস্তে 'জুলাই' পালন করলে হবে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

নামকাওয়াস্তে ‘জুলাই’ পালন নয়, বরং এর প্রকৃত চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো অর্জিত হয়নি এবং আন্দোলনে আহত ও নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করা যায়নি।

বুধবার (১ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার রায়েরবাজারে আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত করেন এনসিপির নেতারা। সেখানে উপস্থিত হয়ে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকার পরিবর্তনের পরও বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। এখন পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে এবং বিচারকাজে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের কবরস্থানগুলো সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে আজ থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ৩৬ দিনব্যাপী ‘জুলাই’ কর্মসূচি পালন করবে এনসিপি।

তিনি জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবি জানান। পাশাপাশি দ্রুত ‘জুলাই জাদুঘর’ চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে এটি চালু না হলে জনগণই উদ্যোগ নিয়ে তা খুলে দেবে।

মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এই শাস্তি যথেষ্ট নয় এবং রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে আশা করছেন।

এছাড়া তিনি জুলাই আন্দোলন সংশ্লিষ্ট সব মামলার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবিও জানান তিনি।