রাজনীতি

মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি
ছবি: সংগৃহীত

প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৬ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর, পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা ও খাগড়াছড়ি সদরে দক্ষিণাঞ্চলের এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত করা হয়েছে, সেগুলো চলতি মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই কর্মসূচি পরিচালনা করছে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রাটি উত্তর ও দক্ষিণ—এই দুই অঞ্চলে ভাগ করে আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশের মাধ্যমে উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।