রাজনীতি
নিরাপত্তা শঙ্কায় সাবেক এমপি জিন্নাহর নির্বাচন বর্জনের ঘোষণা
নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।
বৃহস্পতিবার শিবগঞ্জের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক খোলা চিঠিতে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কোনো বাস্তবতা নেই। তার দাবি, নিজ এলাকা ও নেতাকর্মীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে ও তার সমর্থকদের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কে দিন পার করছেন। চিঠিটি সাংবাদিকদের কাছে সরবরাহ করেন তার ছেলে ব্যারিস্টার তাজবির শরীফ সাম্মু।
শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য উন্নয়নের প্রতিযোগিতা হওয়া উচিত, প্রতিহিংসা নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জোরজবরদস্তিকে বৈধতা দেওয়ার শামিল। শিবগঞ্জের মানুষের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে আপস করতে না পারায় তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘদিন ধরে তিনি শিবগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। তার বা তার দলের কারণে যেন শিবগঞ্জবাসীর ওপর কোনো অন্যায় নেমে না আসে— সেটাই তার প্রধান প্রত্যাশা।
চিঠির শেষাংশে তিনি শিবগঞ্জবাসীকে শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন বর্জন মানেই রাজনীতি থেকে সরে যাওয়া নয়; বরং এটি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ।
এদিকে, শরিফুল ইসলাম জিন্নাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনী মাঠে নামলে তার ওপর মব তৈরি করে হামলার সম্ভাবনা রয়েছে। এই নিরাপত্তা ঝুঁকির কারণেই তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শরিফুল ইসলাম জিন্নাহ নির্বাচন বর্জনের কথা তারা শুনেছেন। তবে এ বিষয়ে তিনি এখনো লিখিত কোনো অভিযোগ বা আবেদন জমা দেননি।